মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ , (০৮:০০ PM) / ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে’ ফেলার হুমকি

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৪ নভেম্বর ২০২৬


জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পাটওয়ারী
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পাটওয়ারী | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে তোলার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী।
তিনি বলেন, জামিন শুনানির জন্য ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী।
এ ঘটনার পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল বের করেন।
শাকিল পাটওয়ারী বলেন, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক মনিরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন।

এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবারও হুমকি, ককটেল বিস্ফোরণ ও আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, জামিন পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন।