মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ , (১০:০৫ PM) / ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগতিতে চাচাকে মারধর করে গাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে চাচার কেনা জমির তালগাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা যুবদল নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় চাচা মনির হোসেন বাদশাকে মারধর করে আহত করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহর পঞ্চায়েত বাড়িতে রবিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাদ্দাম হোসেন ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে চরসীতা মৌজার ছয় শতাংশ জমি কেনেন মনির হোসেন বাদশা। ওই জমিতে থাকা একটি বড় তালগাছ সম্প্রতি কেটে নেওয়ার উদ্যোগ নেন তার ভাতিজা সাদ্দাম ও তার সহযোগীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন সেখানে গিয়ে গাছ কাটার জন্য রশি বাঁধেন। মনির হোসেন বাধা দিলে সাদ্দাম ও তার ভাইয়েরা তাকে মারধর করেন। পরে তিনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে এবং উভয় পক্ষকে থানায় যোগাযোগ করতে বলে। পরে বিরোধটি মীমাংসার দায়িত্ব নেন চর বাদাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন। তবে মীমাংসার আগেই গাছটি কেটে নিয়ে যান অভিযুক্তরা।
মনির হোসেন বাদশার অভিযোগ, মীমাংসার দায়িত্ব নিয়ে মোতাহের হোসেন উল্টো প্রভাব খাটিয়ে গাছটি কেটে বিক্রিতে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, প্রায় ১০ বছর আগে জমিটি কিনেছেন। কিন্তু সাদ্দাম ও তার ভাইয়েরা জোর করে জমির তালগাছটি কেটে গফুর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। বিষয়টি মীমাংসার কথা বলে মোতাহের উল্টো তাকে মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন।

গাছটি কেনার বিষয়টি স্বীকার করে গফুর বলেন, জমি নিয়ে কোনো বিরোধ আছে কি না, তা তিনি জানেন না। তিনি ঢাকায় থাকেন। সাদ্দাম তার কাছে গাছটি বিক্রি করেছেন।

অভিযুক্ত সাদ্দাম হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, গাছ নিয়ে যেতে বলেছেন। তবে গাছ নিয়ে গেলেও পরে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুল বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে গাছটি না নিতে নিষেধ করা হয়েছিল। পরে মোতাহের হোসেন নামের এক নেতা বিষয়টি সমাধানের দায়িত্ব নেন।