শনিবার ৮ আগস্ট ২০২৬ , (১০:৩৩ AM) / ২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রায়পুরে মাদকবিরোধী প্রতিরোধ করায় ছাত্রদল নেতাকে মারধর

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৭ আগস্ট ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বুধবার খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

আহত আদনান হাবিব রায়পুর উপজেলার ২ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

অভিযোগ অনুযায়ী, হামলার নেতৃত্ব দেন উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মিজান হাওলাদারের ছেলে আবু হুরাইরা সাজিদ। স্থানীয়ভাবে তিনি উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

তবে শুক্রবার বিকাল পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে ওসি নিজাম জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ৫ আগস্ট সাজিদকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন আটক করে। কিন্তু কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনার জেরে সাজিদ ছাত্রদল নেতা হাবিবের বাড়িতে গিয়ে ‘হুমকি দেয়’। পরে রায়পুরে যাওয়ার পথে আবু হুরাইরা সাজিদ তার সহযোগীদের নিয়ে হাবিবের ওপর হামলা চালান। এতে হাবিবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

এ বিষয়ে জানতে সাজিদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা মিজান হাওলাদারের দাবি, তার ছেলে মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। ৫ অগাস্ট মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার ঘটনা তার জানা নেই।

ছাত্রদল নেতা আদনান হাবিবের ভাষ্য, তিনি এলাকায় মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এরআগেও একাধিক মাদককারবারিকে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয় আবু হুরাইরা সাজিদ ‘চিহ্নিত মাদকসেবী’ ও ‘মাদক ব্যবসায়ী’। ‘গাঁজা-বাবা কী তোর বাপের টাকায় খাই’ বলেই সে আমাকে মারধর শুরু করে।

রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, “হাবিব এলাকায় মাদক বিরোধীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। মাদকবিরোধী অবস্থানের কারণেই তার ওপর হামলা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক।”

ওসি নিজাম উদ্দিন বলেন, “ছাত্রদল নেতা আদনান হাবিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে দুই পক্ষেরই ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।- (বিডি নিউজ)