শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ , (১১:১৯ PM) / ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

প্রতিপক্ষের দোকান দখল ও লুটসহ নেতাকর্মীদের অত্যাচার নির্যাতনের অভিযোগ

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

০৬ নভেম্বর ২০২৬


সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগীরা
সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগীরা | ছবি: নয়া চাঁদ

হাইব্রিড’ নেতাদের অত্যাচারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেছেন শামীম গাজী নামে লক্ষ্মীপুরের রায়পুরের এক কৃষকদল নেতা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এসময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও লুটসহ নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতনের অভিযোগ করেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ ও তার ভাই মেহেদি কবিরাজের বাহিনীর বিরুদ্ধে। 

শামীম রায়পুর উপজেলা কৃষকদের সাবেক সদস্য সচিব ও উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে। 

লিখিত বক্তব্যে শামীম বলেন, আওয়ামী লীগের আমলে কোনোদিন ফারুক কবিরাজকে আন্দোলন সংগ্রামে দেখিনি। ৫ আগস্টের পর হাইব্রিড রূপে ফিরে এসে ইউনিয়ন বিএনপির সভাপতি হন। এরমধ্যে তার ভাই মেহেদী কবিরাজের নেতৃত্ব একটি অস্ত্রধারী বাহিনী ইউনিয়নব্যাপী আধিপত্য বিস্তার করেন। তারা চরের অন্তত ২ হাজার একর জমি দখল করে নিয়েছেন। মাছঘাট দখল, চাঁদাবাজি, দুঃসময়ের বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুরসহ ‘ত্রাস’ সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছেন তারা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে এলাকার অন্তত ২ হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছেন। যাদের অনেকেই রাতে ঘুমাতে পারেন না। 

শামীম বলেন, ফ্যাসিস্ট আমলের শেষ ১৩ বছর রাতে বাড়িতে ঘুমাতে পারিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ফারুক কবিরাজ ষড়যন্ত্র ও তার ভাই মেহেদী কবিরাজের একের পর এক হামলায় এখনো রাতে বাড়িতে ঘুমাতে পারি না। তারা আমার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলসহ প্রায় ২২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মাছের বাক্স নদীতে ফেলে দিয়েছে। অতীতের চেয়ে বেশি কষ্ট এখন আমি ভোগ করছি। ফ্যাসিস্টের আমলের চেয়ে আমি এখন আরও বেশি খারাপ অবস্থায় আছি। হত্যার হুমকি ও আমার কর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে আমি ও আমার নেতাকর্মীরা পরিবার নিয়ে নিরপত্তাহীনতায় ভুগছি। 

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন শামীম। তার দাবি, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের প্রার্থিতা নিয়েই নেতাকর্মীসহ তাকে মামলা দিয়ে হয়রানিসহ অত্যাচার-নির্যাতন করে আসছে ফারুক কবিরাজ।