রবিবার ৫ জুলাই ২০২৬ , (১১:৩১ PM) / ২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

জুলাই শহিদ ১৩ বছর বয়সি রাকিব বিএনপির কর্মী_ এমপি সেলিম

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৫ জুলাই ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ছয়জনকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে শহিদদের তালিকায় মাত্র ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী রাকিব হোসেনকে ‘বিএনপির কর্মী’ হিসেবে উল্লেখ করায় সাধারণ মানুষ ও নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত শুক্রবার (৩ জুলাই) সকালে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নে ত্রাণের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শাহাদাত হোসেন সেলিম। বক্তব্যে তিনি বলেন:
"গত ১৭ বছরে রামগঞ্জে বিএনপির চারজন কর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে রামগঞ্জের আরও ছয়জন বিএনপির কর্মী শহিদ হয়েছেন।"
এ সময় তিনি এই ১০ জন শহিদের স্মৃতি রক্ষার্থে রামগঞ্জের ১০টি প্রধান সড়কের নামকরণ করার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজেও একই দাবির পুনর্ব্যক্ত করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে রামগঞ্জে খুন ও গুমের শিকার হওয়া চার বিএনপি কর্মী—শহিদ আবেদ, শহিদ কাদের, শহিদ মনির ও শহিদ বাহারের নাম উল্লেখ করেন।
একই সাথে জুলাই আন্দোলনে 'বিএনপির কর্মী' হিসেবে শহিদ হওয়া যে ছয়জনের নাম তিনি প্রকাশ করেন, তাঁরা হলেন: সৈয়দ মোস্তফা কামাল রাজু,শামসুল ইসলাম,আনোয়ার হোসেন, রাকিব হোসেন (১৩),রিপন হোসেন,কাওসার মাহমুদ

অনুসন্ধানে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা রাকিব হোসেন ছিল সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী, যার বয়স মাত্র ১৩ বছর। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকার পরও এত ছোট একটি শিশুকে দলীয় কর্মী হিসেবে দাবি করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
নেটিজেনদের একাংশের মতে, গণঅভ্যুত্থানের সাধারণ শহিদদের দলীয় পরিচয় দিয়ে তাঁদের আত্মত্যাগকে ছোট করা হচ্ছে। তবে এই বিষয়ে তীব্র সমালোচনা তৈরি হলেও এখন পর্যন্ত সংসদ সদস্য বা স্থানীয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।