মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ , (১১:৩৬ PM) / ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

পানিসম্পদমন্ত্রীকে নিয়ে মনহানীকর বক্তব্য, নাসিরুদ্দীন পাটওয়ারীকে আইনী নোটিশ

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৩ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

পানিসম্পদমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাট রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজধানী ঢাকার একটি প্রকাশ্য জনসভায় ভাষণ দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে লক্ষ্য করে চরম আপত্তিকর, ভিত্তিহীন ও বানোয়াট মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বক্তব্যের একাংশে তিনি দাবি করেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার নেপথ্যে মন্ত্রীর যোগাযোগ ও আর্থিক লেনদেন রয়েছে।

নোটিশে দাবি করা হয়, গত ৩০ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ভিডিও প্রচারিত হয়।

পরবর্তীতে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মন্ত্রীর রাজনৈতিক সুনাম, ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগকারী পক্ষ দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এবং পরিকল্পিতভাবে চরিত্র হননের লক্ষ্যেই এমন মনগড়া তথ্য ছড়ানো হয়েছে।

আইনি ব্যাখ্যায় বলা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় রাজনীতির একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব।

তার বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজি বা সন্ত্রাসের সংশ্লিষ্টতার অসত্য অভিযোগ উত্থাপন ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মানহানির শামিল।

নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে মন্ত্রীর কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে নোটিশগ্রহীতার বিরুদ্ধে সংশ্লিষ্ট উপযুক্ত আদালতে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।