শনিবার ৬ জুন ২০২৬ , (০১:১১ AM) / ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৫ জুন ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে জড়ো হয়ে আওয়ামী লীগের পক্ষে ‘উস্কানিমূলক’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করা হয়েছে। পরে ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন- চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল্লাহ আব্দুলের ছেলে ইয়াসিন। অন্যরা হলেন- ফয়সাল, মো. বাচ্চু রিপন, মারুফ, নিশান, সজীব, আসিফ, সাজিদ, সামুরা, রাহাত, আল-আমিন ও ফাহিম। তারা উপজেলার চর আলগী ও বড়খেরী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের কারো পদ পদবী নেই, তারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দূর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় তারা উস্কানিমূলক স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করে। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করে। পরে এ ঘটনায় বুধবার (৩ জুন) রাতে চরমেহার এলাকা থেকে ইয়াসিনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মামলায় আটক ইয়াসিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।