মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ , (১০:০৫ PM) / ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৬


ব্যানার ঝুলিয়ে ও তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ
ব্যানার ঝুলিয়ে ও তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। তালার ওপর সাদা কাগজে লেখা 'সর্বাত্মক ধর্মঘট, স্বার্থক হোক'।

এরমধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা যায়। এছাড়া তারা হোয়াটসঅ্যাপেও ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছেন। 

ধারণা করা হচ্ছে, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’ লেখা সংবলিত ব্যানার টানিয়ে ও শিকল দিয়ে দুইটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটির ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরিহিত একজনকে দেখা গেলেও তাকে চেনা যায়নি।