শনিবার ২৫ জুলাই ২০২৬ , (০৩:৫১ AM) / ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৪ জুলাই ২০২৬


বক্তব্য রাখছেন, মাওলানা গাজী আতাউর রহমান।
বক্তব্য রাখছেন, মাওলানা গাজী আতাউর রহমান। | ছবি: নয়া চাঁদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “আপনারা (বিএনপি) জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে ৭০ ভাগ মানুষ ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট, তা বাস্তবায়ন করুন।

বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা জেগে উঠেছিল এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, নির্বাচন-পরবর্তী সময়ে তা বাস্তবায়িত হয়নি। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। কিন্তু বাস্তবে আমরা কী দেখলাম?”

তিনি আরও বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। ঝুঁকির মধ্যে গুলির মুখে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি এবং সরকার পতন ঘটিয়েছি, তা বাস্তবায়িত হয়নি। যতই ক্ষমতার পরিবর্তন হোক, আদর্শিক ও নীতিগত পরিবর্তন না ঘটলে শুধু ক্ষমতার পালাবদলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, সুশাসনও প্রতিষ্ঠিত হবে না। এজন্য সাংবিধানিক পরিবর্তন ও নীতির পরিবর্তন প্রয়োজন।”

লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।