বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ , (০১:৫৫ PM) / ৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রকুত ডিলার বাতিল

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২২ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরে সারের ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অভিযোগ উঠেছে, দলীয় প্রভাব খাঁটিয়ে তাঁরা সারের ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে ডিলার নিয়োগের নীতিমালায়। তবে ডিলার হিসেবে মনোনীত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকেরই সারের ব্যবসার অভিজ্ঞতা নেই। বাদ পড়া অনেক আবেদনকারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সারের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পরও তাঁরা ডিলার হতে পারেননি।লক্ষ্মীপুর জেলার ৫৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার জন্য সারের ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন। ওই সময় পর্যন্ত ৩৩৬টি আবেদন জমা পড়ে।

৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা চিঠিতে ৫৭ জনকে সারের ডিলার হিসেবে মনোনীত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।কৃষি মন্ত্রণালয়ের চূড়ান্ত করা ডিলারদের ওই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ডিলারদের মধ্যে ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের কেউ বিএনপির পদে রয়েছেন, কেউ ছাত্রদল, যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলের নেতা। এর বাইরে কয়েকজন দলের সক্রিয় কর্মী।

এ ছাড়া দলীয় নেতাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিও আছেন কয়েকজন। তবে বাদ পড়া ব্যক্তিদের তালিকায় এমন অনেকেই রয়েছেন, যাঁরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতিতে যুক্ত।

সার ডিলার নিয়োগের নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভায় আবেদনকারীর নিজস্ব অথবা ভাড়া করা কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে। গুদামের মেঝে পাকা এবং স্বাভাবিক বন্যার পানির স্তরের ওপরে হতে হবে। গুদামে খাদ্যপণ্য, রেস্তোরাঁর সামগ্রী, গবাদিপশু ও মাছের খাবার কিংবা সবজি রাখা যাবে না। একই গুদামে বীজ সংরক্ষণও নিষিদ্ধ।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং ব্যাংকের অন্তত পাঁচ লাখ টাকার সাম্প্রতিক সচ্ছলতার সনদ জমা দিতে হবে। নীতিমালায় আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন। যত দূর চোখ যায়, তত দূর ফসলের মাঠ। সয়াবিনসহ বিভিন্ন ফসলের চাষ হওয়ায় কৃষিপ্রধান এই ইউনিয়নে সারের চাহিদাও বিপুল। ইউনিয়নটির সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ। তাঁর প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টারপ্রাইজ আগে সারের ব্যবসায় ছিল না বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

জেলার রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশের প্রতিষ্ঠান মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজও সার ডিলার হিসেবে মনোনীত হয়েছে। তাঁর প্রতিষ্ঠানটিরও আগে সারের ব্যবসা ছিল না।রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে মেসার্স হাসিনা এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান আইনানকে সার ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁরও আগে সারের ব্যবসা ছিল না।বামনী ইউনিয়নে মেসার্স আমির হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমির হোসেন ওরফে ছুটু ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বামনী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনিও এবার নতুন করে সার ব্যবসায় যুক্ত হচ্ছেন।লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে মেসার্স সততা ট্রেডার্সের মালিক জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। তিনি দালাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি। প্রতিষ্ঠানটি রড, সিমেন্ট ও নারকেলের ব্যবসা করে।

রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মেসার্স আবদুল্লাহ ট্রেডার্সের মালিক মো. বিল্লাল পাটোয়ারী মনোনীত হয়েছেন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। করপাড়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিবের প্রতিষ্ঠান এস বি ট্রেডার্স। ভোলাকোট ইউনিয়নে মনোনীত হয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহম্মদ।কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে ইয়ামিন ট্রেডার্সের মো. ইসমাইল ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিনের ভাই। চর মার্টিন ইউনিয়নে মনোনীত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন।চর ফলকন ইউনিয়নে মনোনীত হয়েছেন মাহবুবুর রহমান। তিনি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর আত্মীয় বলে জানা গেছে। তাঁর চাচাতো ভাই লোকমান হোসেন পাটারীর প্রতিষ্ঠানও পাটারীরহাট ইউনিয়নের ডিলার হিসেবে মনোনীত হয়েছে।

হাজিরহাট ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন। চর কাদিরা ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিনের ছোট ভাই হেলাল উদ্দিন। তাঁদের কেউ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।