বুধবার ১১ নভেম্বর ২০২৬ , (০৭:০৫ PM) / ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১১ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুলকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের বিষয়ে কথা বলার সময় এক গ্রাহকের কাছে ৫ হাজার টাকা দাবি করছেন ইফতে খাইরুল। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। পরে দরকষাকষির একপর্যায়ে গ্রাহকের কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করতে দেখা যায় তাঁকে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন ইফতে খাইরুল ইসলাম। তাঁর দাবি, ভিডিওতে দেখানো ঘটনাটি অবৈধ অর্থ লেনদেনের নয়।

এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধেও ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।