বুধবার ১১ নভেম্বর ২০২৬ , (০৭:০৫ PM) / ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

পিডিবির উপ সহকারী প্রকৌশলীর টাকা লেনদেনের ভিডিও ফাঁস

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১১ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের মিটার সংক্রান্ত সেবার কথা বলে অর্থ দাবির অভিযোগ ওঠা ওই ভিডিও ঘিরে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রাহকরা।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের একটি মিটার সংক্রান্ত বিষয়ে এক সেবাগ্রহীতার কাছে ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। পরে দরকষাকষির একপর্যায়ে ওই সেবাগ্রহীতার কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় গ্রাহক ও সচেতন মহলের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে এ ধরনের অর্থ লেনদেনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’

এদিকে, পিডিবি কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিকরা। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।