শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:০৯ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

জামিয়া কলাকোপা মাদ্রাসা কমিটির অনিয়ম-দুর্নীতি

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৮ জুলাই ২০২৫


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্র নেতা ইয়াসিন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্র নেতা ইয়াসিন | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষার মান নষ্টের অভিযোগে বিক্ষোভ করেছে স্থানীয়রা সহ মাদ্রাসার শিক্ষার্থীরা। গতবৃহস্পতিবার ১৭ জুলাই সকালে শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে লিখিতভাবে ২০ দফা অভিযোগ তুলে ধরেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, আওয়ামীলীগ নেতা ও কমিটির সভাপতি ইলিয়াস মিয়া, আওয়ামীলীগ যুবলীগ নেতা রিয়াজ, মহি উদ্দিন, মোসলেহ উদ্দিন ও শহিদ মেম্বার। তাদের সিন্ডিকটে এসব অনিয়ম করেছে বলে অভিযোগ শিক্ষার্থী ও স্থানীয়দের। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে যে কমিটি মাদ্রাসাটি পরিচালনা করছে, তার কোনও বৈধতা নেই। তারা বেফাক বোর্ড ও বৈধ শুরা কর্তৃক অনুমোদিত নয়। এ কমিটি একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, দোতলা ভবন ভেঙে সেখানে টিনশেড ঘর নির্মাণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। একাধিক প্রকল্পে যেমন ফটোকপি মেশিন ক্রয়, কার্পেট কেনা, পুকুর ভরাট, সিসি ক্যামেরা স্থাপনসহ নানা খাতে অতিরিক্ত অর্থ দেখিয়ে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও রমজান মাসে থাকা-ভাতা ও বোনাস থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। ইফতার মাহফিল, অভিভাবক সম্মেলনের নামে অর্থ অপচয়ের অভিযোগও উঠেছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, সিনিয়র শিক্ষকদের হেনস্তা, বেতন বৈষম্য, এমনকি মুখে কসটেপ লাগিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। শিক্ষার মান চরমভাবে নেমে গেছে বলেও অভিযোগ ওঠে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কিছুদিন ধরে মাদ্রাসায় ছাত্রদের ভয়ভীতি দেখানো, মারধরের হুমকি এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। তারা অনতিবিলম্বে মাদ্রাসা পরিচালনা কমিটির বিলুপ্তি, দুর্নীতির তদন্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় ওইদিনেই কমিটি বিলুপ্তি করেন মাদ্রাসার মোহতামি মাওলানা আকতার।