শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ , (০৬:০৩ AM) / ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপি ও শ্রমিকদলে নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১২ নভেম্বর ২০২৬


জমিতে টিনের ঘর নির্মাণ ও বালু ভরাটের কাজ চলছে(ছবিটি বৃহস্পতিবার সকাল ১১ টায় তোলা হয়)
জমিতে টিনের ঘর নির্মাণ ও বালু ভরাটের কাজ চলছে(ছবিটি বৃহস্পতিবার সকাল ১১ টায় তোলা হয়) | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়া বেড়ি বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্থানীয় মারফত উল্যাহর ছেলে রিয়াজ, ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ কাজে স্থানীয়  ইউছুপ মিয়ার ছেলে তারেক সহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, সরকারি জায়গা লিজ না নিয়েই গত দুই মাস পূর্বে জোরপূর্বক সেখানে প্রথমে টিনের ঘর নির্মাণ করা হয়। পরে পাকা স্থাপনা তৈরির উদ্দেশ্যে ইট আনা হয়। অভিযুক্তদের সহযোগী হিসেবে অন্যান্যদের মধ্যে রয়েছে সিরাজ উল্যাহর ছেলে রুবেল, শাহনাজ মেস্তুরীর ছেলে রাজু, বাসার ড্রাইভারের ছেলে তারেক, আব্দুল বারেকের ছেলে রাজা ও সোহেলের নাম উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মিয়া বেড়ি বাজারের দক্ষিণ অংশে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় লোকবল দিয়ে বালু ভরাটের কাজ চলছে। এ সময় নির্মাণকাজের বিষয়ে জানতে চাইলে এবং সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তদের সঙ্গে সাংবাদিকদের তর্কবিতর্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বসার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় জায়গাটিতে বালু ফেলে ঘর নির্মাণ ও মেরামত করে বসার ব্যবস্থা করছেন। তবে জায়গাটি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ দুই পক্ষের বিরোধ মীমাংসা করে দেবেন বলেও দাবি করেন তিনি।

এদিকে অবৈধভাবে ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাকিব ও সার্ভেয়ার শাহরিয়ার। তাঁরা প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির হোসাইন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মিত ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করে স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।