বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ , (০৪:২২ AM) / ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

১১ নভেম্বর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

ভুক্তভোগীর সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে। তবে তাঁকে বাড়ির গন্তব্যের পথে না নিয়ে সিএনজিটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে তাঁকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।