মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ , (১১:৩৯ PM) / ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগতিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের ঘটনায় অভিযুক্ত কারাগারে

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৩ নভেম্বর ২০২৬


অভিযুক্ত বেলাল
অভিযুক্ত বেলাল | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার বেলাল হোসেন নামে  ৫৫ বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী গর্ভবতী হওয়ার পর গর্ভপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। 
এ ঘটনায় সোমবার (২নভেম্বর ) অভিযুক্ত বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজাদ মার্কেটের পূর্ব পাশে সাইফুল সমাজের এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মরিয়ম (৩০) ওই এলাকার মোহাম্মদ সেকান্তরের মেয়ে। তাঁর মা ছকিনা বেগম গ্রামে কাজ করে সংসার চালান। মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের অসচ্ছলতার সুযোগ নিয়ে একই এলাকার বাসিন্দা বেলাল হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হন এবং পরে গর্ভপাতের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা রামগতি থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। শিশুর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।