বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ , (১২:৫২ AM) / ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি

রামগতিতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থাপনা চাষাবাদ

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৮ নভেম্বর ২০২৬


এভাবেই অবৈধ দখলদারীত্ব চলছে রামগতি বেড়িবাঁধে--
এভাবেই অবৈধ দখলদারীত্ব চলছে রামগতি বেড়িবাঁধে-- | ছবি: নয়া চাঁদ

পর্যটনকেন্দ্র আলেকজান্ডারে সংকুচিত হচ্ছে দর্শনার্থীদের চলাচলের পথ,লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারে মেঘনা নদীর তীর ঘিরে গড়ে ওঠা পর্যটন এলাকায় সরকারি জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দখলের অভিযোগ উঠেছে। কেউ বেড়িবাঁধের ওপর শাকসবজির চাষ করছেন, কেউ নির্মাণ করেছেন দোকানপাট। আবার কেউ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ‘চায়ের আড্ডা’ নামে গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান। এতে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দর্শনার্থীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলেকজান্ডারের মেঘনা নদীর পাড় রামগতির অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। দুই ঈদসহ বিভিন্ন ছুটির দিন ও বিশেষ সময়ে এখানে বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। কিন্তু দিন দিন সরকারি জায়গা ও বেড়িবাঁধ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং চাষাবাদের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, মাহবুব হোসেন মিঠু নামে এক ব্যক্তি বেড়িবাঁধসহ পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা দখল করে ‘চায়ের আড্ডা’ নামে একটি স্থাপনা গড়ে তুলেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এবং হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেন। তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ দখল করে কীভাবে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়?
এদিকে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি জাল ও বেড়া দিয়ে জায়গা ঘিরে শাকসবজির চাষ করছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বেড়িবাঁধের ওপর অবৈধ দখল ও স্থাপনা গড়ে উঠলে বাঁধের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। স্থানীয় সচেতন মহলের দাবি, পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে বেড়িবাঁধের ওপর অবৈধ স্থাপনা ও চাষাবাদ বন্ধ করে পর্যটকদের জন্য উন্মুক্ত, স্বস্তিদায়ক ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা তাদের রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহযোগিতা করলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দখলদারদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদী।

পর্যটন সম্ভাবনাময় আলেকজান্ডারকে দখলদারদের হাত থেকে রক্ষা করে এর প্রাকৃতিক সৌন্দর্য ও জনসাধারণের চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন - কেউ বেআইনিভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবেনা।দূষণ ও দখল উচ্ছেদে টুরিস্ট এলাকায় অগ্রাধিকার ভিত্তিক ভাবে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। যে কেউ বেআইনি দখলের সুযোগ নেই।