শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ , (০২:৪৮ AM) / ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৯ নভেম্বর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে পালানোর সময় তাদের আটক করে পুলিশে দেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

 

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জাহিদ হোসেন ও লাবিব আহমেদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতা ও জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ স্থানীয় নেতা-কর্মীরা জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। ঘটনার পর পালানোর সময় জাহিদ হোসেন ও লাবিব আহমেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করছেন। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রদলের নেতা-কর্মীরা মাঠে থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে।