শনিবার ১৪ নভেম্বর ২০২৬ , (০৬:০০ AM) / ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীসহ গ্রেফতার ৩১

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৩ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের তালিকাভুক্ত আসামি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধিতা করে নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।

জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাত জন, চন্দ্রগঞ্জে চার জন ও রায়পুরে দুই জনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।