১৩ নভেম্বর ২০২৬
দীর্ঘদিনের দাবি ও একাধিক উদ্যোগের পর অবশেষে লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা নতুন করে আলোচনায় এসেছে। জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বুড়িরঘাট এলাকার মেঘনা নদীর তীরবর্তী প্রায় ৮০০ একর জমিতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রতিনিধিদল।
সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশের সদস্য ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্ভাব্য স্থান পরিদর্শন করে। এ সময় জাইকার প্রতিনিধিদের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও ভূমি প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রস্তাবিত এলাকার ভৌগোলিক অবস্থান, জমির প্রকৃতি, যোগাযোগব্যবস্থা, নদীপথের সুবিধা এবং শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত হলে এটি লক্ষ্মীপুরের শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে বলে মনে করছেন স্থাণীয়রা।
প্রতিনিধি দলের সদস্য ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা প্রকৌশলী নাহিদুজ্জামান জানান, প্রস্তাবিত স্থানটির পশ্চিমে রয়েছে মেঘনা নদী। উত্তরে মজুচৌধুরীরহাট, যেখানে নদীবন্দর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দক্ষিণে কমলনগরের মতিরহাট লঞ্চঘাট এবং দক্ষিণ দিকে নতুন বেড়িবাঁধ হয়ে আলেকজান্ডার মেঘনাঘাট । সংশ্লিষ্টদের মতে, এই ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অঞ্চলটির অন্যতম বড় সুবিধা হতে পারে।
প্রাথমিকভাবে চিহ্নিত করা প্রায় ৮০০ একর জমির বড় অংশই সরকারি খাসজমি । এ কর্মকর্তা আরো জানান, নদীর কাছাকাছি অবস্থানের কারণে শিল্পকারখানার কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য পরিবহনে জলপথ ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
এ ছাড়া শিল্পের মালামাল আনা নেয়ার জন্য লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়ক, তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক এবং মতিরহাট থেকে আলেকজান্ডার পর্যন্ত বেড়িবাঁধ-মেরিন ড্রাইভ সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগের ব্যাপক সুযোগ রয়েছে। অন্যদিকে মেঘনা নদীপথ ব্যবহার করে চট্টগ্রাম সমুদ্রবন্দর, পায়রা ও চাঁদপুরের নদীবন্দরসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত ও সহজ যোগাযোগের সম্ভাবনাও রয়েছে।
এবার আগের স্থান পরিবর্তন হলেও একই ইউনিয়নে নতুন করে প্রায় ৮০০ একর জমি নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ সেই পুরোনো প্রস্তাবকে নতুন মাত্রা দেখা দিয়েছে। এবার বিষয়টি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ভাবে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গত এপ্রিল মাসে একই এলাকা পরিদর্শনে গিয়ে জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট এলাকায় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করছে সরকার।
তিনি তখন বলেন, মজুচৌধুরীরহাট ও মতিরহাট সড়কের যোগাযোগ উন্নত হলে লক্ষ্মীপুর বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্রে পরিণত হতে পারে। কৃষি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে স্থানীয় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত যুবায়ের বলেন, কৃষি ও জেলে ভিত্তিক অর্থনীতির জেলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের অর্থনীতিতে কৃষির পাশাপাশি শিল্পের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও মৎস্যসম্পদভিত্তিক শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এর মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্যশিল্প, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিমুখী শিল্পের সুযোগ রয়েছে। পাশাপাশি নদীপথকে কেন্দ্র করে গুদামজাতকরণ, লজিস্টিকস ও পরিবহনসেবারও বিকাশ ঘটতে পারে। ছাত্র নেতা যুবায়ের আরো জানায়, পানিসম্পদ মন্ত্রী এবার খুব আগ্রহী হয়ে এ বিষয়টি দেখা শোনা করছেন।
৪ মাস আগে
১ বছর আগে