শুক্রবার ১০ জুলাই ২০২৬ , (১১:১৩ PM) / ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১০ জুলাই ২০২৬


| ছবি: 

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বেশি বেশি বৃক্ষরোপণের ওপর তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়।