বুধবার ১৯ আগস্ট ২০২৬ , (০৫:০২ PM) / ৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

লক্ষ্মীপুর পৌর শহর পরিচ্ছন্ন রাখতে ২০০ ডাস্টবিন স্থাপন

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

১৯ আগস্ট ২০২৬


| ছবি: 

‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে ১৫ লাখ টাকা ব্যয়ে ২০০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা আহ্বায়ক ডা. রত্ন দ্বীপ পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ।

পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন লক্ষ্মীপুর। সেই উদ্দেশ্যেই আমরা ডাস্টবিন স্থাপন করছি। সমগ্র লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন করা হবে।’ সংশ্লিষ্ট স্থানে ময়লা-আবর্জনা রাখার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, ‘আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্মীপুর পৌরসভার ডাস্টবিন স্থাপন কার্যক্রমও এরই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নগরবাসী এসব ডাস্টবিন ব্যবহার করবেন। সেখান থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও বর্জ্য পদার্থ যথাযথভাবে আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু ও পরিবেশদূষণ রোধ করা সম্ভব হবে।’