২০ মে ২০২৬
মাত্র ১০১ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়ে স্বপ্ন পূরণ করেছেন লক্ষ্মীপুরের ৩২ তরুণ-তরুণী। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জেলা পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে নির্বাচিত হন।
গত রোববার (১৭ মে) রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. আবু তারেক। ফল প্রকাশের পরপরই উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল। মোট ৯১৭ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৬৮২ জন প্রার্থী মাঠ পর্যায়ের শারীরিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তী ধাপে ১৪৭ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৫ জন প্রার্থী। সেখান থেকে ৪৫ জনকে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য নির্বাচিত করা হয়। সবশেষ ধাপে ৩২ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রার্থীরা জানান, কোনো ধরনের ঘুষ, তদবির বা সুপারিশ ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া তাদের জীবনের বড় অর্জন। মাত্র ১০১ টাকা আবেদন ফি দিয়ে এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে সফল হওয়াকে তারা ভাগ্যের পরিবর্তন হিসেবে দেখছেন।
চাকরি পাওয়া একাধিক প্রার্থী বলেন, তারা কৃষক, দিনমজুর ও স্বল্প আয়ের পরিবারের সন্তান। দীর্ঘদিনের স্বপ্ন ছিল সরকারি চাকরি করার। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। এখানে যোগ্য ও মেধাবী প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। পুলিশের চাকরি নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, এই নিয়োগ তার বিপরীতে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
৫ মাস আগে
৮ মাস আগে