শনিবার ১৪ নভেম্বর ২০২৬ , (০৬:০১ AM) / ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগতিতে মৃত গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে ব্যবসায়ী আটক, মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৩ নভেম্বর ২০২৬


প্রস্তুতিকালে
প্রস্তুতিকালে | ছবি: নয়া চাঁদ

আবু সালমান, রামগতি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আশ্রম পোলের গোড়ায় সৌদিয়া গোস্ত ভান্ডারে মরা গরু জবাই করে বিক্রির প্রস্তুতির অভিযোগে মোঃ জহির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত জহির উদ্দিন চর আলেকজান্ডার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ডাক্তার গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আখের ব্যাপারী। স্থানীয়দের অভিযোগ, মরা গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, আমরা বাজার থেকে মাংস কিনে খাই। এভাবে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রামগতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুবেল সরকার।

বাজারের ইজারাদার মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি শোনার পর আমরা খুবই মর্মাহত ও লজ্জিত হয়েছি। তিনি এ ধরনের কাজ করবেন, তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি তাঁকে স্পষ্টভাবে বলে দিয়েছি, তিনি যেন এ বাজারে আর ব্যবসা না করেন। কারণ, এতে এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। মরা গরুর মাংস শেষ পর্যন্ত আমাদের এলাকার মানুষই খাবে। তাই তাঁকে এ ব্যবসা বন্ধ করতে নিষেধ করেছি।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুবেল সরকার বলেন, তাঁকে আগেও মরা গরু কিংবা অসুস্থ গরু জবাই না করার জন্য নিষেধ করা হয়েছিল। এরপরও এমন অভিযোগ ওঠায় তাঁকে আইনের আওতায় আনার বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি ওই বাজারে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের ব্যবসা করবেন না। এ সময় উপস্থিত জনতার কাছে তিনি ক্ষমাও প্রার্থনা করেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে নিয়মিত তদারকি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।