মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ , (০৫:১৬ AM) / ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১০ জুলাই ২০২৬


প্রতীকি ছবি
প্রতীকি ছবি | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে বোন মায়েশা।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

মায়েশা ওই এলাকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ একই এলাকার টাইলস মিস্ত্রি মো. মঞ্জুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মায়েশা ও মুজাহিদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পাশের পুকুরে পড়ে যায়। তাকে পানিতে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে বড় বোন মায়েশাও পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পানিতে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে বোনটিও মারা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।’

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এদিকে, একইসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।