মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ , (০৩:২৪ AM) / ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

গ্যাসের দাবিতে লক্ষ্মীপুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৩ আগস্ট ২০২৬


আন্দোলনরত চালক
আন্দোলনরত চালক | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে গ্যাস সংকট নিরসন এবং দ্রুত সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা।

‎‎রোববার রাতে গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ  শুরু করে তারা। এসময় ঘন্টা ব্যাপী সড়কের দুইপাশে  যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

‎‎বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।

‎অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, সিএনজি চালকরা গ্যাস পাচ্ছেন না, তাই তারা হট্টগোল করেন। পরে আমরা গিয়ে তাদের শান্ত করি এবং বুঝিয়ে বলা হয় এটা লোকাল সমস্যা নয়। জাতীয় ভাবেই গ্যাসের সমস্যা চলছে। পরে তারা রাস্তা ছেড়ে দেয়।