শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ , (০৮:৩৬ AM) / ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

রামগতিতে ব্রিজের সংযোগ সড়ক বিচ্ছিন্ন, ৩০ হাজার মানুষের ভোগান্তিতে

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৫ সেপ্টেম্বর ২০২৬


চরগাজী ইউনিয়নে ধ্বসে পড়ে ব্রিজ এভাবে পড়ে আছে প্রায় দুই সপ্তাহ
চরগাজী ইউনিয়নে ধ্বসে পড়ে ব্রিজ এভাবে পড়ে আছে প্রায় দুই সপ্তাহ | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচর এলাকায় এ ঘটনা গটে। এতে প্রায় ১৬ দিন যাবত সড়কটি দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়বাসিন্দারা।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বয়ারচরের রহমতপুর সড়কের শেখ ফরিদ মেম্বারের বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০২৫ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের স্রোতে গত ৯ সেপ্টেম্বর ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় রামগতি-বয়ারচর সড়ক, মোল্লাগ্রাম, সেন্ট্রাল বাজার, তেগাছিয়া বাজারসহ আশপাশের এলাকার প্রায় ৩০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বিশেষ করে মসজিদের মুসল্লি, মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, চরাঞ্চলের কৃষিপণ্য, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আনা-নেওয়ার জন্য প্রতিদিন ট্রাক, অটোভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এসব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী ও দুলাল মিয়া বলেন, “১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। স্থানীয় প্রশাসন ও এলজিইডি অফিসকে বিষয়টি জানিয়েও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ বলেন,১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপজেলা এলজিইডি অফিস ও প্রশাসনকে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরছেন না। দ্রুত সংযোগ সড়কটি মেরামতের জন্য সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, “দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনবলেন,জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।”