বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ , (০৪:৩৪ AM) / ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

২৮ অক্টোবর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুরাদ হোসেন (৩৩) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ স্থানীয় চাঁদখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকালে সুপারি পাড়ার উদ্দেশ্যে একটি গাছে ওঠেন মুরাদ। ওই গাছটির একদম গা-ঘেঁষে গেছে পল্লী বিদ্যুতের খোলা পরিবাহী তার। সুপারি পাড়ার একপর্যায়ে গাছটি বাতাসের ধাক্কায় কিংবা চাপে পাশের বৈদ্যুতিক লাইনের ওপর গিয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবক মৃত্যুর বিষটি পুলিশকে এখনো স্থানীয়ভাবে কেউ অবহিত করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।