মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ , (০১:৫৪ AM) / ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ও স্বাস্থ্য

রামগঞ্জে ১৬ বছর পর এইচএসসি পাস করেছেন যুবক

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০২ নভেম্বর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণা থাকলে বয়স কিংবা সময় কোনো কিছুই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও পড়াশোনায় ফিরে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়ে সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের কাউছার হামিদ সকাল।

জানা যায়, কাউছার হামিদ সকাল ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি রামগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হন। তবে এইচএসসি পরীক্ষায় বাংলায় অকৃতকার্য হওয়ায় পরবর্তী সময়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে শেষ পর্যন্ত আর পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। এভাবেই দীর্ঘ সময়ের জন্য থেমে যায় তাঁর শিক্ষাজীবন।
তবে মনের মধ্যে উচ্চমাধ্যমিকের সনদ অর্জনের স্বপ্নটি বাঁচিয়ে রেখেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে আবারও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি হয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন। অবশেষে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়ে পূরণ করেছেন দীর্ঘদিনের স্বপ্ন।

নিজের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কাউছার হামিদ সকাল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ইচ্ছাশক্তি থাকলে মানুষের স্বপ্ন পূরণ করা খুব সহজ।’ এ সময় দীর্ঘ পথচলায় অনুপ্রেরণা ও সহযোগিতা করার জন্য পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।