শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ , (১১:২০ PM) / ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ও স্বাস্থ্য

কমলনগরে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল শত শত শিক্ষার্থী

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

০৬ নভেম্বর ২০২৬


পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের কমলনগরে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসএসএফ স্টুডেন্ট অব দ্য ইয়ার বৃত্তি পরীক্ষা-২০২৬। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণির শত শত শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকেরা জানান, শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন একটি মানবিক ও সামাজিক সংগঠন। এর আগে সংগঠনটি ক্রীড়া আয়োজন, কোরবানির মাংস বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এবারই প্রথম শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান রেদওয়ান হোসাইন জুয়েল বলেন, এ বছর থেকে তারা শিক্ষা নিয়ে কাজ শুরু করেছেন। বৃত্তি পরীক্ষাকে ঘিরে কমলনগরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এমন সাড়া অব্যাহত থাকলে আগামী বছর পুরো লক্ষ্মীপুর জেলায় এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষা পরিদর্শনে এসে হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, কমলনগরে এ ধরনের আয়োজন প্রথম। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে তারা আরও আত্মবিশ্বাসী হবে।

পরীক্ষাকে ঘিরে অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। তারাও এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।