বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ , (০৩:৪৭ PM) / ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য

লক্ষ্মীপুরের মেঘনায় এক লাখ জেলে ইলিশ শিকারের জন্য প্রস্তুত

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৯ অক্টোবর ২০২৬


ব্যস্ত সময় পার করছে জেলেরা-
ব্যস্ত সময় পার করছে জেলেরা- | ছবি: নয়া চাঁদ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার গভীর রাত থেকে ইলিশ শিকারের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের প্রায় এক লাখ জেলে।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর জেলায় মোট প্রায় ৫৪,০০০ থেকে ৫৫,০০০ নিবন্ধিত জেলে রয়েছেন। তবে নদী ও পেশাভিত্তিক মিলিয়ে নিবন্ধিত অনিবন্ধিত এই জেলায় প্রায় ১ লক্ষ জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

জেলেরা এখন নৌকা ও জাল মেরামত করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় দেখা যায়, জেলেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

জেলে আনোয়ার মাঝি ও জহির হাওলাদার বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদেরও মাছ পাওয়া কঠিন হয়। নিষেধাজ্ঞা চলাকালে সরকারি খাদ্যসহায়তা তেমন কাজে লাগে না।

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ শুরু করবেন লক্ষাধিক জেলে। নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান চলাকালীন জেলেরা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরেননি।