শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:১১ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য

‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন লক্ষ্মীপুরের রাকিব

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

০৪ জুলাই ২০২৫


সাংবাদিক রাকিব হোসেন আপ্র’র হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিক রাকিব হোসেন আপ্র’র হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। | ছবি: নয়া চাঁদ

‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন চ্যানেল 24 এর বিজনেস রিপোর্টার রাকিব হোসেন আপ্র। তিনি লক্ষ্মীপুরের কৃতি সন্তান। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাসপুর গ্রামে। বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টন টাওয়ার ইআরএফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক রাকিবের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। যৌথভাবে এ আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও ইআরএফ। সরকারি সংস্থা এসএমই ফাউন্ডেশন সরাসরি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অভিভাবকের ভূমিকা পালন করে। এবং ইআরএফ বা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম জাতীয় পর্যায়ের অর্থনৈতিক রিপোর্টারদের শীর্ষ সংগঠন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নানামুখী সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ৮২টি প্রতিবেদন যাচাই-বাছাই করে রাকিব হোসেন আপ্রসহ ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মো. তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান ও এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম। চলতি বছরের জানুয়ারিতে আগর-আতর শিল্প ও মনিপুরী তাঁত শিল্প নিয়ে দুটি রিপোর্ট করেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক রাকিব হোসেন আপ্র। যেখানে আগর-আতর ও মনিপুরী তাঁত পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে তুলে ধরা হয়। রিপোর্ট দুটি বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে পুরস্কারের জন্য নির্বাচিত হয়।