শুক্রবার ২৯ মে ২০২৬ , (০৯:০৭ PM) / ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনযাপন

জেলা কারাগারে কারাবন্দিদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

২৯ মে ২০২৬


ঈদের নামাজ আদায়া করছেন কারাবন্দীরা
ঈদের নামাজ আদায়া করছেন কারাবন্দীরা | ছবি: নয়া চাঁদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দিদের সঙ্গে মানবিক ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কারাগার প্রাঙ্গণে বন্দিদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য উন্নতমানের খাবারের বিশেষ আয়োজন করা হয়। সকালে পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরে ছিল পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, পান-সুপারি, মিষ্টি ও কোমল পানীয়। এছাড়া বিকেলে রুই মাছ, আলুর দম ও সাদা ভাত পরিবেশন করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের মাঝে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল আত্মীয়-স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা, বাড়ির তৈরি খাবার গ্রহণের অনুমতি এবং একদিনের জন্য আত্মীয়দের সঙ্গে পাঁচ মিনিট করে মোবাইলে কথা বলার বিশেষ সুবিধা।

এছাড়া বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। তাদের জন্য সুপেয় পানি, মিষ্টি এবং শিশুদের জন্য চকলেটেরও ব্যবস্থা করা হয়।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, “কারাগারে থাকা বন্দিদেরও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে না হয়, সে লক্ষ্যেই মানবিক পরিবেশে বিভিন্ন আয়োজন করা হয়েছে। বন্দিদের মানসিক প্রশান্তি ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।