১৭ আগস্ট ২০২৬
উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বেড়ে উঠা হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার এমন কৃতিত্বে উচ্ছ্বসিত তার বাবা মো. ফারুকও।
২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরের মধ্য দিয়ে হাসান মাহমুদ প্রথম বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন। শুরু থেকেই তার বোলিং নৈপুণ্য দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি থেকে শুরু করে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ম্যাচেও বল হাতে জ্বলে উঠার কৃতিত্ব রয়েছে তার। এবার একইভাবে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
হাসান মাহমুদের এমন কৃতিত্বে সারা দেশের মতো তার জন্মস্থান লক্ষ্মীপুরবাসীও উচ্ছ্বসিত। ভবিষ্যৎ আরও বেশি কৃতিত্বের অংশীদার হয়ে বাংলাদেশসহ লক্ষ্মীপুরের সুনাম ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ক্রিকেটার হাসান লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। তারা দুই ভাই ও তিন বোন।
হাসানের বাবা মো. ফারুক বলেন, ‘হাসান সবার দোয়ায় ভালো খেলেছে। সে যেন ভালো খেলে লক্ষ্মীপুরসহ দেশের সুনাম ধরে রাখতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’
জেলা ক্রীড়া সংস্থার কোচ মনির হোসেন বলেন, হাসানের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ দলের সঙ্গে ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার হার দেখতে পেয়েছি। অস্ট্রেলিয়ার দাম্ভিকতা ভেঙেছে। আমরা হাসানকে নিয়ে গর্ববোধ করি। তার কৃতিত্বে জেলা ক্রীড়া পরিবার বেশ উচ্ছ্বসিত।
২০১৩ সালে বিসিবি আয়োজিত জেলা অনূর্ধ্ব-১৪ দলে বান্দরবানে বিভাগীয় পর্যায়ে রাঙামাটি বনাম লক্ষ্মীপুর ম্যাচ হাসান মাহমুদের অভিষেক হয়। ২০১৫ সালে জাতীয় অনূর্ধ্ব-১৫ খেলার সুযোগ পান। তখনই বাংলাদেশ হয়ে ভারতের সঙ্গে খেলে ১৫ ওভার বল করে ১৮ রান দিয়ে তিন উইকেট ছিনিয়ে নেন এবং বাংলাদেশ টিম জয়লাভ করে। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ ও ২০১৭ সালে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ খেলার সুযোগ পান। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি। ২০১৮ শুরুর দিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ২০২০ সালের ১৮ জানুয়ারি বিসিবি হাসানকে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য জাতীয় দলে মনোনীত করে।
তার ছেলে যেন দেশের সুনাম ধরে রাখতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
৭ ঘন্টা আগে
১০ মাস আগে